গরমে করোনাভাইরাস ছড়ায় না, এরই মধ্যে এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তবে শীতের সঙ্গে করোনার সংক্রমণ বৃদ্ধি পায় কি না, তা নিয়ে এখনো আলোচনা রয়েছে। এরই মধ্যে সরকার আশঙ্কা করে আসছিল, শীতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে। দেশে শীত পুরোপুরি শুরু না হলেও করোনা সংক্রমণ আবার বেড়েছে। কিন্তু গবেষকেরা শীতের সঙ্গে করোনার সম্পর্ক নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

শ্বাসতন্ত্রের রোগ কোভিড-১৯–এর সঙ্গে আবহাওয়ার কোনো সম্পর্ক আছে কি না, তা বের করতে বিশ্বজুড়ে চলছে নানা গবেষণা। বাংলাদেশেও এমন কয়েকটি গবেষণা হয়েছে। কিছু গবেষণায় তাপমাত্রা ও সূর্যালোকের সঙ্গে সংক্রমণ বাড়া-কমার একধরনের সম্পর্ক দেখা গেছে। তবে সেসব গবেষণা থেকে শীত ও করোনার সম্পর্কের কোনো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, শীতের কারণে দেশে সংক্রমণ বাড়ছে, এমনটি বলার মতো যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ তাঁদের হাতে নেই। দেশে আবার সংক্রমণ বাড়ছে, তার মূল কারণ, স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষের অনীহা আছে। দুই মাস সাধারণ ছুটি থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সবকিছু খুলে দেওয়া হয়েছে। সবাই যদি স্বাস্থ্যবিধি না মানেন, বিশেষত মাস্ক না পরেন, সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে না। পাশাপাশি কার্যকর অন্য উদ্যোগও নিতে হবে।

চীনে করোনা সংক্রমণ শনাক্তের এক বছর পার হতে চললেও এখনো ভাইরাসটি সম্পর্কে অনেক তথ্য অজানা। বিশেষজ্ঞরা বলছেন, কিছু ভাইরাস আছে মৌসুমি, বিশেষ আবহাওয়া ও মৌসুমে এগুলোর সংক্রমণ দেখা যায়। যেমন ইনফ্লুয়েঞ্জা শীতকালে হয়। বাংলাদেশে নিপাহ ভাইরাসের সংক্রমণও দেখা যায় শীতে। তবে করোনাভাইরাস মৌসুমি কোনো ভাইরাস কি না, শীতে সংক্রমণ বাড়বে কি না—এসব নিয়ে সিদ্ধান্তে আসতে আরও সময় লাগবে। এখন পর্যন্ত শীত ও গ্রীষ্ম সব মৌসুমেই করোনার সংক্রমণ ছড়াতে দেখা যাচ্ছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, শীতের কারণে দেশে সংক্রমণ বাড়ছে, এমনটি বলার মতো যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ তাঁদের হাতে নেই।